জীবননগর ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবননগর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার জীবননগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন আড়ত, সবজি, ডিম, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সজল আহম্মেদ আরও বলেন, অভিযানের অংশ হিসেবে মেসার্স নুর ইউনানি ফার্মেসিতে তদারকিতে মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের অননুমোদিত ও মেয়াদ ও মূল্য লেখাবিহীন ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. হুসাইনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা এবং মেসার্স মান্নান ইউনানি ফার্মেসির মালিক মো. মাসুম আলীকে একই অপরাধ ও একই আইনের ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সজল আহম্মেদ বলেন, পরে মেসার্স নাজিম স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযানে মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দিনকে একই আইনের ৪৩ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা এবং মেসার্স গাজী স্টোরে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ ও মূল্য লেখাবিহীন পণ্য, অস্বাস্থ্যকর ও অননুমোদিত রং দেওয়া চিপস বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সাকিব রহমানকে একই আইনের ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সমীকরণ প্রতিবেদন