ছাত্র বিপ্লবের আদর্শকে তারুণ্যের হৃদয়ে ছড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার লক্ষ্য নিয়ে ঝিনাইদহ শহরে ‘টিম-দুর্বার’ নামের ব্যানারে সাধারণ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উদ্যোগে লাল রঙের ফেস্টুন টাঙানো কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার ভোরে শহরের পোস্ট অফিস মোড় থেকে পাঁয়রা চত্বর হয়ে শহীদ মিনার পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্লোগান সম্বলিত লাল রঙের ফেস্টুন টাঙানো হয়। শহরের বিভিন্ন সড়কের বৈদ্যুতিক পোলে লাল রঙের ফেস্টুন টাঙানো শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। ‘টিম-দুর্বার’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাজিদ মাহমুদ, এইচ এম জহুরুল ইসলাম, ওসমান গনি, সিদ্দিকুর রহমান, ইসহাত আলী, মনিরুল ইসলাম, রিয়াদ হোসেন, শরিফ খান, তুহিন মোল্লা ও শাহেদ মাহমুদ।
সাজিদ মাহমুদ বলেন, কোনো অফিসে যদি সরকারি ফি’র বাইরে কেউ অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে নিজে প্রতিবাদ করুন। না হলে আমাদেরকে জানান। ছাত্রসমাজ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সবাই সহযোগিতা না করলে, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে না। আমরা কাউকে ঘুষ দেব না। কারোর পকেটে মোটা করতে আমরা টাকা দেব না। অন্যায়ের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান করতে হবে। সমাজ থেকে চাঁদাবাজি ও দুর্নীতি দূর করে শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।
সমীকরণ প্রতিবেদন