রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি নেতার ওপর হামলা, বাড়িতে দেখতে গেলেন শরীফুজ্জামান, আসামিদের গ্রেপ্তার দাবি

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
বিএনপি নেতার ওপর হামলা, বাড়িতে দেখতে গেলেন শরীফুজ্জামান, আসামিদের গ্রেপ্তার দাবি


আলমডাঙ্গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় বেলগাছির ফরিদপুর গ্রামে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি দল কামাল হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় কামাল হোসেনকে তার বাড়ির সামনেই এলোপাতাড়ি পিটিয়ে জখম করে তারা। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগীর পরিবার থেকে আলমডাঙ্গা থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে, গতকাল শনিবার আহত বিএনপি নেতা কামাল হোসেনের সার্বিক খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। তিনি এই হামলার তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আটটার দিকে বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জখম স্থানে ১২টি সেলাই দেয়া হয়। এছাড়াও তার ডান হাতের হাড় ভেঙে যাওয়াসহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সঙ্গে আহত নেতাকে দেখতে তার বাড়িতে যান আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা এমদাদুল হক ডাবু, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।

বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনকে পিটিয়ে জখমের বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।



কমেন্ট বক্স