আলমডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামে অভিযান চালিয়ে আসাদ সরকার (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে তার বাড়ি থেকে আটকের পর তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক আসাদ সরকার উপজেলার ভোগাইল বগাদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বেশকিছুদিন যাবৎ এই ব্যবসা করে আসছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আসাদ সরকার আসমানখালি এলাকায় ইয়াবাসহ নানা ধরনের নেশাদ্রব্য বিক্রি করে আসছিল বলে গোপন সংবাদ পায় পুলিশ। এমন সংবাদের ভিত্তিতে আসমানখালি তদন্ত কেন্দ্রের ইনচার্জ নওশাদ আলী সঙ্গীয় ফোর্সসহ সোমবার ভোরে ভোগাইল বগাদি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে আসাদ সরকারের বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় আসাদ সরকারকে আটক করে পুলিশ। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন