দামুড়হুদায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জল হোসেন (২৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইব্রাহিম হোসেন (৪০) নামের অপর এক চালক। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেন আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির ছেলে। আর আহত ইব্রাহিম হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলাকের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জীবননগরে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন আলমসাধু চালক উজ্জল হোসেন। তিনি দামুড়হুদার জয়রামপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি দ্রুতগতির আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আলমসাধুর চালকই রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, ‘রক্তাক্ত জখম অবস্থায় দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয়রা। তাদের মধ্যে উজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পেয়েছি। আর ইব্রাহিম হোসেন নামের আরেক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, সড়ক দুর্ঘটনায় উজ্জল হোসেন নামের এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন। আর দুটি আলমসাধুই জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সমীকরণ প্রতিবেদন