দামুড়হুদায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে হাউলী তিন রাস্তার মোড় ঈদগাহর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা দশমি পাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে শরিফুল আলম (৪১) ও মৃত আবুল কালামের ছেলে জহিরুল ইসলাম(৩৫)।
পুলিশ জানিয়েছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিয়াজুল ইসলাম ও বিপ্লব কুমার দাস ফোর্স নিয়ে হাউলি তিন রাস্তার মোড়ে ঈদগাহর সামনে অভিযান পরিচালনা করেন। এসময় শরিফুল আলম ও জহিরুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন