চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে আত্মহত্যা প্রবণতা রোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় গড়াইটুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সাইদ খোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্যে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে আত্মহত্যার প্রবণতা অধিক হারে বেড়ে গেছে। তবে বেশিরভাগ সময় হতাশা ও অধিক চিন্তার ফলে নিরূপায় হয়ে অবুঝের মতো মানুষ আত্মহত্যা করছে। আত্মহত্যা প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হত হবে। একটি পরিবারের বেড়ে ওঠা শিশু-কিশোরদের ছোট বয়স থেকেই আত্মহত্যা ও এর বিরূপ প্রভাব সম্পর্কে জানাতে হবে। আত্মহত্যা কোনো সঠিক সমাধান নয়, এটি জীবনের ভুল পথ। এই পথ থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। এতে তাদের ভেতরের গম্ভীর বিষয়গুলো সহজে বের করে সমস্যা দূর করা যাবে। এছাড়াও সন্তানদের সর্বদা চোখে চোখে রাখতে হবে, যেন তারা খারাপের দিকে ধাবিত না হতে পারে। এসময় তিনি বাল্যবিবাহ ও মাদক থেকে সন্তানদের দূরে রাখতে বিভিন্ন পরামর্শ দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। সভায় ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ মসজিদের ইমাম, কাজী ও মুক্তিযোদ্ধাগণ, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সমীকরণ প্রতিবেদন