রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৪ ইং
দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় জাব্বার আলী (৬৫) নামের এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দেউলী মোড়ে রাস্তা পার হওয়ায় সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পাখিভ্যান চালক দেউলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জাব্বার আলী দামুড়হুদার দেউলী মোড়ে তার ভ্যান রেখে পানি নেয়ার জন্য রাস্তা পার হয়ে একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি পালসার মোটরসাইকলের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। এতে মোটরসাইকেল চালক ও আরোহীও জখম হন। তবে তারা ঘটনার পর সেখান থেকে চলে যান। পরে স্থানীয়রা ভ্যানচালক জাব্বার আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তবে হাসপাতালে নেয়ার পথে জব্বার আলীর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, স্থানীয়রা সড়ক দুর্ঘটনার শিকার জাব্বার আলীকে জরুরি বিভাগে আনে। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মাহবুবুর রহমান শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পাখিভ্যান চালকের মৃত্যুর বিষয়ে জেনেছি। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সুরতাল প্রতিবেদন শেষে পরবর্তী ব্যবস্থা নেবে। এ ঘটনায় দামুড়হুদা থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স