দামুড়হুদায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
এর আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় প্রতিনিধি বাসুদেব হালদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা অসহায় পরিবারের মাঝে ৪টি ঘর, ৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ২০ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করেন।
সমীকরণ প্রতিবেদন