আলমডাঙ্গার হাউসপুর বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি বেকারির মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানা গেছে, হাউসপুর বাজারে মেসার্স মুসলিম বেকারি অ্যান্ড ফুডে বেশ কিছুদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ গতকাল দুপুরে মেসার্স মুসলিম বেকারিতে অভিযান চালান। অভিযানে ওই বেকারি থেকে মেয়াদোত্তীর্ণ ও মোড়কবিহীন পণ্য উদ্ধার করেন।
এসময় মুসলিম বেকারির মালিক আবুল কাশেম বাবলুকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, মোড়কবিহীন পণ্য বাজারজাত করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করেন। সজল আহম্মেদ বলেন, ভোক্তার অধিকার বাস্তবায়নে তারা সর্বদা মাঠে কাজ করছে। এমন অভিযান সর্বদা চলমান থাকবে।
সমীকরণ প্রতিবেদন