সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক চাই- নিসচা’র উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং প্রচার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়কে এই লিফলেট বিতরণ করা হয়। পথচারী, মোটরসাইকেল চালক, দূরপাল্লার বাস, ট্রাক, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা এবং পাখিভ্যান চালকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। একই সাথে চুয়াডাঙ্গার বিভিন্ন মোড়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্য নিয়ে জনসাধারণের মাঝে মাইকিং করে প্রচার করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক জামান আখতার, দপ্তর সম্পাদক শেখ লিটন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন