দর্শনার জয়নগরে আব্দুল আলিম নামের এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাখিভ্যান ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি হাসপাতালে নেয়। পুলিশ বলছে, এটি ছিনতাইয়ের চেষ্টা নয়। পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটানো হতে পারে।
জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের সবুর আলী ছেলে পাখি ভ্যানচালক আব্দুল আলিম জয়গনগর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে তিনজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। পরে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে আহত অবস্থায় আব্দুল আলিমকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার দুই হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে দর্শনা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মোটরসাইকেলে থাকা তিনজন দুষ্কৃতকারী চলন্ত ভ্যানচালকের হাতে ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি আঘাত করেছে বলে জেনেছি। এটি ছিনতাইয়ের কোনো ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে। আহতের পক্ষ থেকে কোনো অভিযোগ না করলেও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে।
সমীকরণ প্রতিবেদন