শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার নতিডাঙ্গায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণ

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২৪ ইং
আলমডাঙ্গার নতিডাঙ্গায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদী মাথাভাঙ্গা। এই নদীকে কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিএমটু একটি শাখা খাল যুক্ত হয়েছে, যা এলাকাবাসীর জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে এই খালের মাধ্যমে নতিডাঙ্গা কাচিকাটা গ্রামবাসীর বসতবাড়ির পানি মাথাভাঙ্গা নদীতে প্রবাহিত হতো। তবে ওই খাল ভরাট করে বসতবাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে কাচিকাটা গ্রামের গরু ব্যবসায়ী মোতালেব খাঁর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, খালের উপরের অংশে সড়কের ইউড্রেন আটকে একটি প্রাচীরও নির্মাণ করেছেন মোতালেব খাঁ। এতে বর্ষার পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়ে জলাবদ্ধতার আশঙ্কায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা কাচিকাটা গ্রামের গরু ব্যবসায়ী মোতালেব খাঁ ও তার ছেলে প্রবাসী জাহেদ খাঁ দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করছেন। তারা ক্ষমতার অপব্যবহার করে খালের প্রায় এক বিঘা জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন। এতে বিপাকে পড়েছে ওই এলাকায় বসবাসরত প্রায় অর্ধশতাধিক পরিবার। গত বর্ষা মৌসুমে এই পরিবারগুলোর বাড়িঘর পানিতে তলিয়ে যায়, এবং বের হওয়ার পথেও হাঁটুর উপরে পানি জমে যায়। গ্রামবাসী এই অবৈধ দখল প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন, কারণ মোতালেব খাঁ ও তার পরিবারের লোকজন প্রতিবাদ করলে হামলা ও মামলার হুমকি দেন।

এ বিষয়ে জানতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। তবে স্থানীয় ইউপি সদস্য শরিফুল মেম্বার গ্রামবাসীর অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোতালেব খাঁ ও তার পরিবারের লোকজন ভয়ানক। টাকার জোরে তারা জোরপূর্বক সরকারি খালের জমি দখল করে বসতবাড়ি নির্মাণ করেছেন এবং সদ্য আরো একটি বাড়ি নির্মাণ করছেন।’

তিনি আরও বলেন, ‘বসতবাড়ির পাশাপাশি সড়কের উপরের ইউড্রেন আটকে সদ্য প্রাচীরও নির্মাণ করা হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ার শঙ্কায় আছে। আমরা সরকারি সহায়তা দাবি করছি।’ এমতাবস্থায়, এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।



কমেন্ট বক্স