শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বালিকা মাদ্রাসার আশপাশে বখাটেদের উৎপাত

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
কার্পাসডাঙ্গায় বালিকা মাদ্রাসার আশপাশে বখাটেদের উৎপাত

দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা হাদিকাতুল বালিকা দাখিল মাদ্রাসায় ছাত্রীদের যাতায়াতের রাস্তা ও আশপাশের এলাকা বখাটেদের উৎপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিষেধ করলে হুমকির শিকার হতে হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের। এতে মাদ্রাসায় যাওয়া আসার সময় ছাত্রীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। মাদ্রাসাটি কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে হওয়ায় বখাটে যুবকরা সারাদিন ওই এলাকা অবস্থান করে।

জানা গেছে, মাদ্রাসার হেফজ বিভাগে প্রায় ১৫০ জন ছাত্রী পড়ালেখা করে। মেয়েরা বিকেল হলে মাদ্রাসার ভেতর খেলাধুলা করার জন্য বের হলে বখাটেরা ঢিল, বল ছুড়ে মারতেও দ্বিধাবোধ করে না। হেফজ বিভাগের ছাত্রী সুমাইয়া খাতুন জানান, ‘আমরা মাদ্রাসা থেকে বের হতে পারি না। সারাদিন পড়ালেখা করতে হয়। আসরের নামাজের পর মাদ্রাসা বাউন্ডারির ভেতরে একটু খেলাধুলা করার জন্য বের হলে স্কুল বাউন্ডারির পিছন থেকে বেশকিছু ছেলে বাজে মন্তব্য করে। কেউ প্রতিবাদ করলে তাদের আচরণ আরো খারাপ হয়।’
আজগার আলী নামে ওই মাদ্রাসা শিক্ষার্থীদের একজন অভিভাবক অভিযোগ করে বলেন, ‘মাদ্রাসার আশপাশে বখাটেরা যে অত্যাচার শুরু করেছে, আমরা আমাদের সন্তানদের নিয়ে চিন্তার মধ্যে আছি। মাদ্রাসা কর্তৃপক্ষ মেয়েদের নিরাপত্তা না দিতে পারলে সেখান থেকে নিয়ে আসা ছাড়া কোনো পথ নেই।’

মাদ্রাসার শিক্ষক আবু সুফিয়ান বলেন, ‘এসব বখাটেদের নিষেধ করলেও তারা শোনে না। মাঝে মধ্যে আমাদেরকেও হুমকির সম্মুখীন হতে হচ্ছে। গত কয়েকদিন আগে মাদ্রাসার পাশ থেকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ দুইজন বখাটেকে ধরে উত্তম মাধ্যম দিলেও স্থানীয়দের সুপারিশে তাদের ছেড়ে দেয়া হয়। এর পরের দিন তারা আমাকে দেখে নেবে, হাত কেটে নেবে বলেও হুমকি দেয়। এ বিষয় আমি আমার মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমিনকে জানিয়েছি।’

মাওলানা নুরুল আমিন বলেন, ‘এলাকার কিছু বখাটে কিশোর ও যুবক মাদ্রাসার পাশে এসে বিড়ি, সিগারেট ও গাঁজা সেবন করে বলে আমি শুনেছি। এছাড়া তাদের দ্বারা শিক্ষার্থীরাও হয়রানি হয়। মাদ্রাসার সভাপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি সুস্থ হয়ে মাদ্রাসায় এলে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে আগামীকাল বুধবার (আজ) শিক্ষকদের সঙ্গে বসে আলোচনা করা হবে।’



কমেন্ট বক্স