চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বদরগঞ্জ বাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন টাইগারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নেতা-কর্মীদের সমর্থনে ও ভালোবাসায় আমি আজ আপনাদের চেয়ারম্যান হতে পেরেছি। তবে আপনাদের ভালোবাসা আমি যেন রাখতে পারি এবং আপনাদের কাছেও ভালোবাসা আশা করতে পারি। আমার নির্বাচনী সময়ে কিছু কুচক্রি মহলের লোকজন বলেছিল, জোর করে ভোট নিয়ে নেব। ভোটের সেন্টার দখল করবে। অনেক ধরনের হুমকি-ধমকি দিয়েছিল। তবে আমি জনগণকে বলেছিলাম, ভোট চুরি করা সেটা আর সম্ভব না। তখন অনেকেই আমার কথা বিশ্বাস করেছিল এবং অনেকেই আমার কথা বিশ্বাস করেনি। ভেবেছিল ছোট নেতা কী করবে, বড় বড় নেতা খেলা খেলবে। সেটা আর সম্ভব হয়নি। জনগণ আমাকে বিজয়ী করেছে। আমি জনগণের নেতা। কোনো ভোট চুরি করে নেতা হয়নি। এ জন্য জনগণের পাশে থাকব এবং আছি।’
তিনি বলনে, ‘জনগণ যে উন্নয়নের কথা বলেছে, আমি জনগণের পাশে থেকে সেই সকল উন্নয়ন কাজগুলো করে দেব। আমি জনগণের ভালোবেসেছি। জনগণ আমাকেও ভালোবেসেছে। আমি কোনো সময় কিছু চুরি করিনি। যদি চুরি করতাম তাহলে জনগণ আমাকে এমনভাবে ভালোবাসতো না। আজকে যারা বড় বড় নেতা ক্ষমতায় আছে এবং স্থানীয় চেয়ারম্যান ও অঢেল সম্পদের মালিক, তারাই আমার নির্বাচনে অনেক বাধা প্রদান করেছিল। কিন্তু জনগণ সেটা মেনে নেয়নি। আমাকে ভালোবেসে জয়যুক্ত করেছে। এই ভোটের জয়যুক্ত আমার নাই, এটা জনগণের জয়যুক্ত।’
নঈম জোয়ার্দ্দার বলেন, ‘আমি কথা দিচ্ছি এই জনগণের সাথে থেকে উন্নয়ন করার চেষ্টা করব। আমার নেতা-কর্মীদের বলছি, আপনারা অন্যায়ভাবে কাউকে মারধর করবেন না। গ্যাঞ্জাম করবেন না। তবে কেউ যদি অন্যায়ভাবে গ্যাঞ্জাম করতে আসে, তাদের ছেড়ে দেওয়া হবে না। তবে যারা অন্যায় করবে তাদের বিচার করা হবে।’
অনুষ্ঠানের বিশেষ ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা। কুতুবপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মাসুম রানা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা রাকিব হাসান, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গড়াইটুপি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রানা প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন