চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির গুণিজন সম্মাননা পদক-২০২৩ পাওয়ায় আলমডাঙ্গার সন্তান আতিকুর রহমান বিশ্বাসকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলমডাঙ্গা শাখা। গতকাল শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গার পিটিএফ ট্রেনিং সেন্টার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আতিকুর রহমান বিশ্বাস আলমডাঙ্গার বেলগাছি গ্রামের রিয়াজ বিশ্বাসের ছেলে।

অনুষ্ঠানে বাংলাদেশ আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলমডাঙ্গা শাখার সভাপতি জিনারুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবু জাফর, পৌর শাখার কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন সানাউল্লাহ, জাহাঙ্গীর আলম, ইমন হোসেন, আবুল কালাম আজাদ পাপ্পু, শারমিন আক্তার, শাবরিনা প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম রহমান চৌধুরী বলেন, যে দেশে গুণী মানুষের কদর করে না, সেই দেশে গুণী মানুষের জন্মও হয় না। তাই সকলেই সকলের প্রতি সম্মান প্রদর্শন করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
সমীকরণ প্রতিবেদন