ঝিনাইদহের মহেশপুরে শাহাজান আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিজের ঘরেই খুন হয়েছেন। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত শাহাজান আলী মন্ডল উপজেলার বামুনগাছি গ্রামের বেলেমাঠ বাজার গ্রামের আকালে মন্ডলের ছেলে। গত মঙ্গলবার মধ্যরাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে মহেশপুর থানা পুলিশ মনে করছে।
নিহতের স্ত্রী নিমি বেগম গতকাল বুধবার বিকেলে জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের দরজা বাইরে থেকে দেয়া। তিনি জানালা ভেঙে বাইরে এসে দেখেন তার স্বামীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিছানায় রক্ত শুকিয়ে গেছে। এরপর তিনি তার ননদ শেফালী খাতুনকে ডাকেন।
শাহাজানের চাচাতো ভাই আব্দুল্লাহ মামুন জানান, নিহত শাহাজান আলী নিজ বাড়িতে প্রতিবছর ওরস দিতেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার তিনি রান্না করে মানুষকে খাওয়াতেন। এলাকায় তার অনেক ভক্ত আছে। ঘটনার দিন রাতে রাজুসহ দুই যুবক শাহাজান আলীর বাড়িতে এসে রাতের খাবার খান। রাজুর পিতা শাহাজান আলী ফকিরের ভক্তপুত্র বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, ‘ব্যক্তি আক্রশ বা ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ধারণা করছি, মঙ্গলবার রাত ১২টার দিকে কে বা করা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দ্রুত সময়র মধ্যে হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করা সম্ভব হবে।’
সমীকরণ প্রতিবেদন