চুয়াডাঙ্গায় নিজ ঘরে আগুন লাগিয়ে পালানোর অভিযোগ উঠেছে শামীম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার যুগিরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। নিজ ঘরে আগুন দেয়া শামীম সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের বিলপাড়ার কলম আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শামীম বিভিন্ন মাদকদ্রব্যে আসক্ত। প্রায় দিনই টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই জেরে গতকাল রাতে নিজ ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই অরিদুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসআই অরিদুল ইসলাম গ্রামবাসীর বরাত দিয়ে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শামীম নিজেই তার ঘরে আগুন লাগিয়ে পালিয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সমীকরণ প্রতিবেদন