দ্বিতীয় ধাপে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এর মধ্যেই নির্বাচনী প্রাচারণা জমে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী দিলীপ কুমার আগরওয়ালা সমর্থিত প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ঘোড়া প্রতীক বেশ ভালো অবস্থানে আছেন। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত আইলহাঁস ইউনিয়ন, নাগদাহ, ডাউকি, বেলগাছি ইউনিয়ন, কালিদাসপুরসহ উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ কুমার আগরওয়ালা।
পথসভায় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠছে। তারই ধারাবাহিকতায় আমি স্মার্ট জেলা হিসেবে চুয়াডাঙ্গাকে গড়ার কাজ দীর্ঘদিন ধরে করছি। তাই আপনারাও যদি স্মার্ট আলমডাঙ্গা গড়তে চান এবং দুর্নীতিমুক্ত উপজেলা চান, তাহলে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জিল্লুকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করুন।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি ব্যক্তি দিলীপকে ভালোবাসেন, তাহলে জিল্লুর ঘোড়া প্রতীককে আমার প্রতীক ভেবে ভোট দিবেন। কারণ জিল্লুকে একটা আধুনিক, সমৃদ্ধ ও পরিকল্পিত উপজেলা গড়তে আমি সহায়তা করব। আর আমি কথা দিচ্ছি, জিল্লু নির্বাচিত হলে এই আলমডাঙ্গা হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন উপজেলা।’

গণসংযোগ ও পথসভায় ঘোড়া প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান জিল্লু বলেন, ‘আমি দিলীপ কুমার আগরওয়ালার সাথে রাজনীতি করি। তিনি আমার নেতা। আপনারা জানেন, দিলীপ কুমার একজন স্মার্ট নেতা। আর আপনারা যদি আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমার নেতার মতো আমিও স্মার্ট আলমডাঙ্গা গড়ে তুলব।’
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মাসুদ, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন, পৌর কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা, আওয়ামী লীগ নেতা ফেলু চৌধুরী, আনন্দ মন্ডল, ওল্টু মেম্বার, টিটন মেম্বার, মনোয়ার মেম্বার, আকুল মন্ডল, পবিত্র কুমার আগরওয়ালা, আলমগীর কবির শিপলু, মিশর আলী, ছাত্রলীগ নেতা জাবিদ, সোহেল প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন