শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৪ ইং
আলমডাঙ্গায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল হামিদ রেজা। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি মেনে আপনারা নির্ভয়ে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, আমাদের উপরের চাপ নেই, নিচের চাপও নেই। তাই আপনারা যারা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন, আপনারা নিজেরা প্রতিটি কেন্দ্রে এক একজন ম্যাজিস্ট্রেট হিসেবে মনে করবেন। কোনো ভয়-ভীতির কাছে মাথানত করবেন না। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকব। যদি কেউ আপনাদের ভয়-ভীতি প্রদর্শন করে, তাহলে তাৎক্ষণিক নিকটতম কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবেন। আমাকে এবং পুলিশ সুপারকেও ফোনে জানাতে পারবেন। আমরা তাৎক্ষণিক প্রতিকার করতে বদ্ধপরিকর। প্রয়োজনে তাকে আটক করে জেলহাজতে পাঠিয়ে দেবেন। তবে আপনাদের নামে যেন কোনোরুপ পক্ষপাতিত্ব করার অভিযোগ না আসে। অন্যথায় আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আমরা কুণ্ঠাবোধ করব না। তাই নির্বাচনে জড়িত সকল কর্মকর্তাদের কাছে অনুরোধ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে আমরা প্রমাণ করে দেব চুয়াডাঙ্গা জেলায় নির্বাচনে কোনো কারচুপি হয়নি। জাল ভোট দিতে আসলে তাকে সোজা জেলহাজতে পাঠিয়ে দেবেন, সে যে দলেরই লোক হোক।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন পর্যন্ত কাজ করব। নির্বাচন কমিশন চাচ্ছে, ভোট হবে অবাধ সুষ্ঠু। যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে, সেক্ষেত্রে দল ও প্রার্থী বিবেচনা না করে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ রক্ষায় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে। তাই পরিস্থিতির অবনতির কোনো সুযোগ নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্নিগ্ধা দাসের উপস্থাপনায় কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল গনি মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর সরোয়ার হোসেনসহ ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।



কমেন্ট বক্স