চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে মুদি দোকানের ড্রয়ার ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী বটতলা মোড়ে ইছানুরের মুদি দোকান থেকে টাকা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মুদি দোকানী ইছানুর গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে ইছানুর তার দোকানের ড্রয়ারে ৩২ হাজার টাকা রেখে ড্রয়ার তালাবদ্ধ করে শিশুকন্যা মালিহাকে (৭) রেখে নিজ বাড়িতে যান। কিছুক্ষণ পর দোকারে ফিরে এসে দেখেন ড্রয়ারের তালা ভাঙা। সেখানে কোনো টাকা নেই। মেয়েকে ভাঙা ড্রয়ার ও টাকার বিষয়ে জিজ্ঞেস করলে জানায় একই গ্রামের সজিব হোসেন (২২) দোকানে ঢুকে ড্রয়ার ভেঙে টাকা নিয়ে চলে যায়। এসময় সজিব শিশুটিকে কাউকে কিছু বলতে নিষেধ করে।
ভুক্তভোগী ইছানুর বলেন, ‘মেয়ের কাছ থেকে ঘটনা জানার পর সজিব হোসেনের পিতা কুরমান আলীর সঙ্গে যোগাযোগ করি। তিনি ঘটনা জেনে সজিবের নিকট থেকে ৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করে ফেরতও দিয়েছে। কিন্তু বাকি টাকা দিতে অস্বীকার করছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি সালিশ ডাকেন, কিন্তু তারা সালিশেও টাকা ফেরত দিতে অস্বীকার করছে। এবং টাকা ফেরত না চাইতে হুমকিও দিচ্ছে। আমি গরিব মানুষ সামান্য মুদি দোকান চালিয়ে সংসার চালায়। টাকা না পেয়ে মালামাল কিনতে পারব না। তাই চেয়ারম্যানের পরামর্শে আইনের আশ্রয় নিতে থানায় অভিযোগ করেছি।’
সমীকরণ প্রতিবেদন