দামুড়হুদায় দিনেদুপুরে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চালক মাসুদ হোসেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকটি চুরি হয়। মাসুদ হোসেন উপজেলার জয়রামপুর গাতিরপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।
জানা গেছে, মাসুদ হোসেন গতকাল বিভিন্ন স্থানে ভাড়া শেষে বাড়ির উদ্দেশে ফেরার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডে ইজিবাইক রেখে কাঁচাবাজার করতে যান। ১০ মিনিট পর ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করে ইজিবাইক না পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এদিকে, স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে ইজিবাইকটি চুরির দৃশ্য রেকর্ড হয়। ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি মাসুদের ইজিবাইকের নিকটে দাঁড়ায়। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে ইজিবাইকের চালকের ছিটে উঠে বসেন। এর কয়েক মুহূর্ত পরেই ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী মাসুদ বলেন, ‘আমি সারাদিন ভাড়া মেরে বাড়ি ফেরার পথে ভাবলাম কিছু কাঁচাবাজার করে নিয়ে যায়। বাজার করে এসে দেখি ইজিবাইক নেই। আমি তো আকাশ থেকে পড়েছি। কী হয়ে গেল আমার। ইজিবাইকটিই আমার আয়ের একমাত্র উৎস ছিল।’
এদিকে, স্বামীর ইজিবাইক চুরির খবরে সেখানে ছুটে আসেন রোকসানা খাতুন। তিনি বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১ লাখ ৭০ হাজার টাকায় ইজিবাইকটি আমার স্বামীকে কিনে দিয়েছিলাম। কিন্তু একি হয়ে গেল। এখন কী করে ঋণ পরিশোধ করব, আর কী করে সংসার চালবো? আমরা নিঃস্ব হয়ে গেলাম।’
চুরির বিষয়ে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, এ ঘটনায় মাসুদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ইজিবাইক উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
সমীকরণ প্রতিবেদন