দামুড়হুদায় পাওয়ার ট্রিলার থেকে পড়ে মাহাবুর (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার মোক্তারপুর গোরস্তানের সামনে এই ঘটনা ঘটে। তিনি কোমরপুর গ্রামের বাবু খাবলির ছেলে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের বাবু খাবলির ছেলে মাহাবুর ঢালাইয়ের কাজ করেন। প্রতিদিনের ন্যায় গতকাল তিনি পীরপুর ঢালাইয়ের কাজ করতে যান। ঢালাইয়ের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি মোক্তারপুর গোরস্তানের সামনে পাওয়ার ট্রিলার থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সমীকরণ প্রতিবেদন