দামুড়হুদা উপজেলা থেকে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় দর্শনা অডিটরিয়ামে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দামুড়হুদা উপজেলার সাবেক রাবি ও বুয়েটের শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৪ সালে উপজেলার যারা বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির আহমদ বলেন, ‘তোমরাই পারবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে। তোমরা যেমন তোমার মা ও বাবাকে ভালোবাসো, তেমনি দেশকে ভালোবাসবে। এছাড়া বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হবে। দেশকে এগিয়ে নিতে তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে আগামীতে ভূমিকা রাখবা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, আর্থ মুভিং সলুশনের এমডি মজিবুল হক, দামুড়হুদা শিক্ষা অফিসার আবু হাসান, বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, দর্শনা পৌরসভার কর নির্ধারক সরোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় , রাজশাহী বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ২০২৪ সালে পরীক্ষা দিয়ে ৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন আর্থ মুভিং সলিউশনের এমডি মজিবুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন পারকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ক্রিস্টিনা আরতি হালসানা।
সমীকরণ প্রতিবেদন