শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

কেএনএফ সন্ত্রাসীদের দ্বারা অপহৃত সোনালী ব্যাংক পিএলসির বান্দরবান রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিন রাসেলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ হাসান চত্বরে এর আয়োজন করে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গা শাখা। মানববন্ধনে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে নেজাম উদ্দিন রাসেলকে উদ্ধারের দাবিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক চুয়াডাঙ্গার জিএম মো. রেজাউল করিম, জিএম মো. গিয়াস উদ্দিন, ডিজিএম মো. শাহ আলম, ডিজিএম মো. ফজলুল হক, ডিজিএম তানজিমুল ইসলাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ চুয়াডাঙ্গা শাখার সভাপতি ও সোনালী ব্যাংকের এসপিও আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কেএনএফের হাতে অপহৃত সোনালী ব্যাংকের রুমা বাজার শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। ব্যাংকে হামলা ও অস্ত্র লুটের ঘটনার দুইদিনের মাথায় গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে র‌্যাবের মধ্যস্থতায় তাকে উদ্ধার করা হয়। এর আগে তাকে উদ্ধার করতে বাংলাদেশ সেনাবাহিনী রুমার পাহাড়ি এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালায়। পরে ভিডিও ফুটেজ দেখে সম্ভাব্য এলাকা চিহ্নিত করে। সেটি মুন্নাম পাড়া এলাকা বলে জানতে পারে। এরপর পুলিশ ও র‌্যাবের পৃথক দল সেখানে অভিযান পরিচালনা করে।



কমেন্ট বক্স