ভারত থেকে আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে প্রথম চালানের এ পেঁয়াজ দেশে এসে পৌঁছায়। দর্শনা মেসার্স কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট এ পেঁয়াজ গ্রহণ করে। দর্শনা রেলবন্দর সূত্রে জানা যায়, মোট ৪২টি ওয়াগনে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিল, তার প্রথম চালান এটি।

দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরের স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারত থেকে ৪২টি ওয়াগনে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়। পেঁয়াজের এই চালানটি রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড। গতকাল রাত ৯টায় পেঁয়াজ বোঝাই ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
দর্শনা পৌর মেয়র ও রেলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু বলেন, দেশে পেঁয়াজ নিয়ে বরাবরের মতো যেন কেউ গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, কেউ যেন চড়া দাম হাকিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলে বিপুল অর্থ কামাতে না পারে, সে জন্যই সরকারের একটি সংস্থা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে।
সমীকরণ প্রতিবেদন