ঝিনাইদহের হরিণাকুণ্ডুু উপজেলার বিভিন্ন গ্রামে এখন প্রকাশ্যে জুয়া খেলা চলছে। সাবেক ওসি আবু আজিফ বদলি হওয়ার পর জুয়াড়িরা যেন হাফ ছেড়ে বেঁচেছে। এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামে জুয়াড়িদের ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এএসআই রেজোওয়ানুর হকের বিরুদ্ধে।
জানা গেছে, পারদখলপুর বটতলা বাজারে গভীর রাত পর্যন্ত নাজমুল হোসেন লিণ্টু, বোরহান উদ্দিন মাস্টার, খাইরুল ইসরামসহ কয়েকজন নগদ টাকা দিয়ে জুয়া খেলছিল। খবর পেয়ে ওই এএসআই লিণ্টুর দোকানে না গিয়ে বাবুলের দোকানে গিয়ে চেচামেচি করতে থাকেন। ততক্ষণে জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, হরিণাকুণ্ডুু উপজেলার পারদখলপুর, শ্রীরামপুর, পোলতাডাঙ্গা, হরিশপুর, রামচন্দ্রপুর, থানার পাশে পার্বতীরপুর মাছের আড়ত ও চটকাবাড়িয়ায় এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসছে। ডিউটিরত পুলিশের চোখের সামনে জুয়া খেলা চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ উঠেছে জুয়া খেলার তথ্য দিলেও তাদের ধরছে না পুলিশ।
তবে সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এএসআই রেজোওয়ানুর হক অভিযোগ অস্বীকার করে বলেন, ওসি স্যারের নির্দেশে সেখানে গিয়েছিলাম, কিন্তু কোনো জুয়াড়িকে পাওয়া যায়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ঠিক নয়।
সমীকরণ প্রতিবেদন