দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রয় করার অপরাধে আজুহার নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে আজুহার তারিনিপুর মাঠে ফসলি জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিল, এমন অভিযোগ পায় উপজেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সেখানে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এসময় তিনি অভিযোগের প্রমাণ পান। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী আজুহারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আজুহারের মাটিকাটা বন্ধ এবং জরিমানা করার তারিনিপুর গ্রামবাসী উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার একটি চৌকস দল।
সমীকরণ প্রতিবেদন