জীবননগরে ৮ মাস বয়সী শিশু সানির অস্ত্রোপচারের জন্য ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন মশিউর রহমান নামের এক ব্যক্তি। হার্টে দুটি ছিদ্র নিয়ে পৃথিবীতে আসা শিশু সানির চিকিৎসায় ফেসবুকে সাহায্য চেয়ে পোস্টে দেখে তিনি এ অনুদান প্রদান করেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ওই শিশুর বাবার হাতে এ টাকা তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ।
জানা যায়, জীবননগর পৌর এলাকার রাজনগর গ্রামের শাওনের ঘর আলো করে জন্মগ্রহণ করে একটি পুত্রসন্তান। কিন্তু জন্ম থেকেই তার হার্টে দুটি ছিদ্র রয়েছে। ওই শিশু বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তার অস্ত্রোপচারে প্রায় ৮-১০ লাখ টাকা প্রয়োজন। অসহায় পিতার পক্ষে এ ব্যয়ভার বহন করা সম্ভব নয়। সম্প্রতি ওই শিশুর চিকিৎসায় সাহায্য চেয়ে ফেসুবকে পোস্ট দেয়া হয়। বিষয়টি চোখে পড়ে দামুড়হুদার মশিউর রহমান নামের এক ব্যক্তির। তিনি মানবিক দিক বিবেচনা করে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সমীকরণ প্রতিবেদন