ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সকালে ইফার নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আজিম-উল-আহসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (অব:) এম. শামীম হোসেন, জাতীয় ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ, ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম ও মাস্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন বক্তব্য দেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি আজ দেশব্যাপী ইসলামের আলো ছড়াচ্ছে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সমীকরণ প্রতিবেদন