চুয়াডাঙ্গায় ৪০ পিস ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শনিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামিরা হলেন- দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত নজজেসের ছেলে শাহাজামাল বগা (৪২) ও মুন্সিপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে ইমদাদুল (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ আল মামুন সহযোগী ফোর্স নিয়ে সিঅ্যান্ডবিপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা শাহাজামাল বগা ও ইমদাদুলকে আটক করে। এসময় আটককৃতদের নিকট থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
ফেনসিডিলসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আগামীকাল (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
সমীকরণ প্রতিবেদন