ঝিনাইদহের কালীগঞ্জ থেকে মানব পাচার চক্রের মূলহোতা বিষ্ণু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল বুধবার কালীগঞ্জ উপজেলার কুলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষ্ণু বিশ্বাস একই এলাকার নারায়ন বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ জানায়, বিষ্ণু বিশ্বাস মানব পাচারের চক্রের প্রধান সদস্য। তিনি একজনকে ইতালি পাঠানোর জন্য ১৩ লাখ ৫০ হাজার টাকা চুক্তি করেন। ওই ব্যক্তি বিষ্ণু বিশ্বাসকে ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিছুদিন পর ভিসার কথা বলে ঢাকা নিয়ে যান তাকে। তিনি ঢাকার রামপুরার একটি অপরিচিত বাসায় আবদ্ধ কক্ষে তাকে আটকে রেখে মারধর করে হত্যা করার হুমকি দেন। পরে মালয়েশিয়া পাচার করার হুমকি দেন। এ ঘটনায় বাদী হয়ে ওই ব্যক্তি ঝিনাইদহ সদর থানায় মানব পাচার আইন ২০১২ মোতাবেক একটি মামলা দায়ের করেন।
র্যাব-৬ আরও জানায়, এরই ধারাবাহিকতায় বুধবার র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহ সদর থানার মানব পাচার মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কালীগঞ্জ কুলা বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে বিষ্ণু বিশ্বাসকে গ্রেপ্তার করে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
সমীকরণ প্রতিবেদন