শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবিতে চালকদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবিতে চালকদের মানববন্ধন

জন্ম তারিখ সংশোধন করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন না হওয়ায় চুয়াডাঙ্গায় আবারও মানববন্ধন করেছেন পেশাজীবী গাড়ি চালকেরা। দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম সচল হলেও থমকে আছে নন-স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে বীর মুক্তিযোদ্ধা, কয়েক জেলার শতাধিক গাড়ি চালক ও তাদের স্বজনেরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্রের সাথে জন্ম তারিখ মিল না থাকার কারণে দীর্ঘদিন পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন থমকে ছিল। এ অবস্থায় দাবি আদায়ের লক্ষ্যে চুয়াডাঙ্গায় দুই দফা মানববন্ধন করা হয়। পরে বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হলে রাষ্ট্রপতির দপ্তর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে ভুক্তভোগী চালকদের তালিকা গ্রহণ করা হয়। পরে স্মার্ট কার্ডধারী চালকদের নবায়ন কাজে গতি আসলেও নন-স্মার্ট কার্ডধারীদের নবায়ন এখনো থমকে আছে।

বক্তারা আরও বলেন, ‘এসব নন-স্মার্ট কার্ডধারী চালকদের লাইসেন্স নবায়নে সমস্যা কোথায়, তা আমাদের বোধগম্য হচ্ছে না। এসব চালকদের বিআরটিএ সদর কার্যালয়ে অনুমোদন আছে। তারা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও কেবলমাত্র জন্মতারিখ অমিলের কারণে বিষয়টি ঝুলে আছে। এসব চালকের সমস্যা দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বর্তমান অবস্থায় নন-স্মার্ট কার্ডধারী চালকরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছে। দ্রুত তাদের সমস্যার সমাধান না হলে তাদের পরিবার নিয়ে পথে বসতে হবে।’ মহামান্য রাষ্ট্রপতির সুদৃষ্টি কামনা করে বক্তারা বলেন, ‘অবিলম্বে নন-স্মার্ট কার্ডধারী চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে।’ মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য দেন এম জেনারেল, রিপন মন্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম, মিল্টু জোয়র্দ্দার প্রমুখ।



কমেন্ট বক্স