আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে বেসরকারি সংস্থা ‘আশা’। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৯টায় আশা স্বাস্থ্য সেবাকেন্দ্র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জামজামি শাখার উদ্যোগে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বৃদ্ধ, নারী-পুরুষ ও শিশুদের মধ্যে বিনামূল্য চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান, উচ্চরক্তচাপ পরিমাপ ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। এছাড়াও প্রাথমিক পর্যায়ে জ্বর, কাঁশি, ঠান্ডা, বাতব্যথা ইত্যাদি রোগের চিকিৎসা প্রদান করা হয়। জামজামি বাজার সংলগ্ন আশা এনজিও স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইউনিয়ন শাখা অফিসের এ কার্যক্রম উদ্বোধন করেন আশা সংস্থার আলমডাঙ্গা উপজেলা শাখার রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আশা সংস্থার জামজামি শাখা ব্যবস্থাপক ইমদাদুল হক, সিনিয়র সহকারী শাখা ব্যবস্থাপক বিমল চন্দ্র সরকার সিনিয়র, লোন অফিসার শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, উৎপল কুমার বিশ্বাস, সুজন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাংবাদিক মীর ফাহিম ফয়সাল, জুয়েল রানা প্রমুখ।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. সাব্বির আহমেদ। সহযোগিতায় ছিলেন সেবিকা ফারহানা খাতুন, হালিমা খাতুন, মর্জিনা খাতুন ও কলমি খাতুন। ডা. সাব্বির আহমেদ জানান, সারাদিনে শতাধিক রোগী তাদের পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা পেয়েছেন। যেকোনো জাতীয় দিবসে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দিনশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে মাওলানা আল-আমিনের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমীকরণ প্রতিবেদন