শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৪ ইং
প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রান্তিক নারীদের হাতে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি। আজ রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।  

এই বাজারে সপ্তাহব্যাপী শতাধিক প্রান্তিক নারী  ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন। তারা ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি দরে ডাল, ৮০ টাকা কেজি দরে তেল, ৬৮ টাকা কেজি দরে চিনি, ১৫ টাকা কেজি দরে আলু, ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ, ৫০ টাকা কেজি দরে ছোলা, ৬৪ টাকা কেজি দরে মুড়ি, ৪৫ টাকা কেজি দরে বেসন ও ৮৫ টাকা কেজি দরে খেঁজুর  কিনতে পারবেন। 

উপস্থিত প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির বাজার থেকে খাদ্যসামগ্রী কিনতে পেরে তারা খুশি। এ উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান তারা।

চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী জান্নাতুল ফেরদৌস বলেন, রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছি। তাদের কাছে বাজারের তুলনায় অর্ধেক মূল্যে সপ্তাহব্যাপী প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি করা হবে। 

এসময় সমিতির উপদেষ্টা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির এ কর্মসূচির জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হচ্ছে। প্রথম দিনে সাশ্রয়ী বাজারে যে সাড়া পাওয়া গেছে তা আমাদের ভালো লেগেছে। কারণ দরিদ্র নারীরা বাজারের তুলনায় অর্ধেক মূল্যে তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পেরেছে। তারা দান বা সাহায্য নিচ্ছে না। সপ্তাহব্যাপী এ সাশ্রয়ী বাজার থেকে নারীরা তাদের ইচ্ছামতো ১০টি পণ্য অর্ধেক মূল্যে কিনে উপকৃত হবে।  

এসময় জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স