দর্শনায় ইটভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিনারুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দর্শনার ঈশ্বরচন্দ্রপুরের সুপার ব্রিকসের (ইটভাটা) অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার সার্থক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জনা যায়, বুধবার সকালে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের সুপার ব্রিকস থেকে ট্রাক্টরের ট্রলিতে ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন ট্রাক্টর চালক দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ফিনু। ট্রাক্টরটি ইটভাটা থেকে বের হয়ে ২০০ গজ অদূরে গেলে চলন্ত ট্রাক্টরের ট্রলিতে উঠতে যায় ইটভাটার শ্রমিক মিনারুল ইসলাম। এসময় মিনারুলের পা পিছলে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়লে গুরুতর আহন হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিনারুলের বাবা সার্থক মিয়া বলেন, ‘আমার ছেলে মিনারুল কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তাই আমার কোনো অভিযোগ নেই।’ দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’
সমীকরণ প্রতিবেদন