আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হেসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি ও পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য দেন সমাজসেবা অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জাহা, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, ব্যবসায়ী রফিক মিয়া, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আক্তারউজ্জামান, স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার স্থিতি রাখা, ভেজাল পণ্য বিক্রি না করা, ভোক্তাদের নাগালের মধ্যে পণ্যের দাম ঠিক রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বণিক সমিতির সভাপতি ও সম্পাদকসহ সব ব্যবসায়ী সংগঠনকে সহায়তা করতে আহ্বান জানানো হয় সভায়।
সমীকরণ প্রতিবেদন