বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৩ ইং
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ শহরের ৩ নম্বর পানির ট্যাংপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী বাদল, আলিফ, হাফিজুর রহমান পলাশ ও কালু হোসেন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের ৩ নম্বর পানির ট্যাংপাড়ার একটি দোকানে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক হাফিজুর রহমান পলাশ বসেছিলেন। এসময় ওই স্থানে আসেন যুবলীগ কর্মী মো. বাদলসহ কয়েকজন। রাজনৈতিক বিরোধ ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির সূত্র ধরে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে হাফিজুর রহমান পলাশ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক। অন্যদিকে যুবলীগ বাদল ও আলিফ নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থক বলে পুলিশ জানায়।

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষ ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু জানান, হাসপাতালে আসা আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল