ঝিনাইদহে সোনা চোরাচালান মামলায় দুজনের ১০ বছরের কারাদন্ড
- আপলোড তারিখঃ
০৫-১০-২০২২
ইং
ঝিনাইদহ অফিস:
সোনা চোরাচালান মামলায় ঝিনাইদহের একটি আদালত দুই আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ দেয়াড়াপাড়ার শ্রী ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও একই উপজেলার বাজারপাড়ার মৃত ফয়জুল্লাহ মোল্লার ছেলে ওবাইদুল্লাহ।
রায় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ মার্চ কোটচাঁদপুর থানা পুলিশ জেআর পরিবহনে এক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১৫০ গ্রাম ওজনের সোনার গহনা জব্দ করে। এসময় গ্রেপ্তার হয় সোনা বহনকারী সুনীল কর্মকার। তিনি জিজ্ঞাসাবাদে জানান, এই সোনার মালিক জীবননগরের ওবাইদুল্লাহ। পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা করে। তদন্ত শেষে কোটচাঁদপুর থানার তৎকালীন ওসি শহিদুল ইসলাম ও এসআই মঞ্জুরুল ইসলাম ২০১৫ সালের ১১ জুলাই আদালতে চার্জশিট প্রদান করেন। ৭ বছর মামলা চলার পর আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল মঙ্গলবার এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও আসামি পক্ষে মো. বদিউজ্জামান মামলাটি পরিচালনা করেন।
কমেন্ট বক্স