ভার্চ্যুাল প্লাটফর্মের মাধ্যমে চুয়াডাঙ্গা ৬ বিজিবির কুচকাওয়াজ ও সমাপনীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
- আপলোড তারিখঃ
৩০-০৯-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (৬ বিজিবি) ৯৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ প্রদর্শনী শুরু হয়। পরে দুপুরে শপথগ্রহণ শেষে প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানে ৫৮টি জেলার ২৪০ জন নবীন সৈনিক কুচকাওয়াজ প্রদর্শন ও শপথ গ্রহণ করে তাঁদের কর্মজীবন শুরু করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিজিটিসিএন্ডসি’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯৮তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। একই সময় ভার্চ্যুাল প্লাটফর্মের মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে নতুন রিক্রুটদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিকরা এসব গুণাবলীর প্রতিফলন ঘটিয়ে বাহিনীর ঐতিহ্যকে সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিজিবির চারটি মূলনীতি- ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’-এ উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে বিজিবি’র ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের আহ্বান জানান।
চুয়াডাঙ্গার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল কে.এম আজাদ বিপিএম (সেবা) পিপিএম (সেবা)। আরও উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
প্যারেড পরিচালনায় ছিলেন রিক্রুটিং ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মাহবুবুর রহমান এবং প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী। এরপর নবীন সৈনিকদের আমৃত্যু দেশসেবায় অংশ নিতে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
উল্লেখ্য, দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে গতকাল আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা হলো।
কমেন্ট বক্স