বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২২ ইং
আলমডাঙ্গায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের
নিহত নজির ও তার স্ত্রীর দাফন সম্পন্ন, রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম আলমডাঙ্গা অফিস:আলমডাঙ্গায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার রাতে নিহত দম্পতির একমাত্র কন্যা ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে এ মামলা করেন (মামলা নম্বর ১১)। মামলার এজাহারে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটন এবং কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, নিহত দম্পতির ময়নাতদন্ত শেষে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গনে নিহত নজির উদ্দিন ও তার স্ত্রীর জানাযা শেষে কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে, আলমডাঙ্গা শহরের চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি নজির উদ্দীন-ফরিদা খাতুন হত্যাকাণ্ডের ঘটনা এখন মানুষের মুখে মুখে। শহরের প্রাণকেন্দ্রে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এ মফস্বল শহরজুড়ে এক ধরনের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। পুরো শহরজুড়ে ছড়িয়েছে অজানা আতঙ্ক। চায়ের দোকানের আড্ডা আর জমছে না, তা দ্রুতই শেষ হচ্ছে। তবে আলমডাঙ্গা থানা পুলিশের পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ ইউনিট, ডিবি পুলিশ, সিআইডি, পিবিআই, র‌্যাবের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন এজেন্সি ঘটনার তদন্তে মাঠ চষে বেড়াচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গভীর রাত পর্যন্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নিজে আলমডাঙ্গায় অবস্থানসহ অভিযানে নেতৃত্বে দিচ্ছেন। পুলিশ সুপার তদন্তের প্রয়োজনে নিহত দম্পতির জামাই ও মেয়ের সাথে নিজে কথা বলেছেন।। এদিকে, চাঞ্চল্যকর নৃশংস এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকাবাসীর মনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। এ ব্যাপারে তাদের মনে নানা সন্দেহ দানা বেঁধেছে। অনেকের ধারণা এ নৃশংস হত্যাকাণ্ডের কারণ হতে পারে পারিবারিক, ব্যবসায়ীক কিংবা জমিজমা সংক্রান্ত। এদিকগুলি গুরুত্ব দিয়ে প্রশাসন খতিয়ে দেখছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজির উদ্দীন এক সময় শহরের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় শীব নারায়ণ ভৌতিকার পোষ্যপুত্র হিসেবে পরিচিত ছিলেন। শীব নারায়নের অপার স্নেহ লাভের পর নজির উদ্দীন তার মূল্যবান সম্পত্তি জাল দলিল করে নেন। ক্ষুদ্ধ শীব নারায়ণ নজিরের বিরুদ্ধে মামলা করেন এ ঘটনায়। সে মামলা চলমান। পরবর্তীতে নজির উদ্দিন ও তার প্রতিবেশী ব্যবসায়ী অসীত কুমার মিলে শীব নারায়নের সরকারের সাথে মামলা চলমান জমি লিজ নিয়েছেন। নজির উদ্দীন ও অসীত কুমারদের শহরের মূল্যবান জমি নিজের দখলে নিতে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। এদের অর্ন্তদ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড কিনা, পুলিশ এ দিকটাও গভীরভাবে খতিয়ে দেখছে। নিহতের পারিবারিক দিকটাও তদন্তের আওতায় রাখা হচ্ছে। অনেক টাকা এবং সহায় সম্পত্তি থাকায় কারো ব্যক্তিগত লাভ হচ্ছে কি না, সেদিকটাও খেয়াল রাখছে তদন্তকারীরা। এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের মেয়ে ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে গতকাল রাতে মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের বিভিন্ন সংস্থা তদন্তে মাঠে আছে। হত্যার রহস্য উন্মোচনে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করছে। প্রসঙ্গত, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরে হাত-মুখ বাঁধা অবস্থায় পুরাতন বাজারের অর্পিত সম্পত্তির বাড়ি থেকে বয়স্ক স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত