চুয়াডাঙ্গায় সামাজিক সম্প্রীতি কমিটির সভায় এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেল প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চান আমরা সকলে যেন সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। সকলের আন্তরিকতা ছাড়া সম্প্রীতি সম্ভব না। তাই আমাদের আন্তরিক হতে হবে। আমার সন্তান কী করছে, অভিভাবকের দায়িত্ব খোঁজ রাখার।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই প্রজন্মকে আরও বেশি খেয়ালে রাখতে হবে। সঠিক শিক্ষা দিতে হবে, জানাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা কার্যক্রম চালাতে হবে। সচেতন মানুষকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্ব নিতে হবে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘আমি চুয়াডাঙ্গাতে দায়িত্ব নেওয়ার পর তেমন অপ্রীতিকর ঘটনা দেখিনি। চুয়াডাঙ্গা জেলার মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এ জেলায় সম্প্রীতির পরিবেশ বজায় আছে। অনেক সময় তুচ্ছ ঘটনা বড় কিছুর রূপ দিতে পারে। আমাদের সচেতন হতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, সম্প্রীতি বজায় রাখতে পরিবার থেকে প্রথম ভূমিকা থাকতে হবে। পুলিশ সবসময় সম্প্রীতি রাখতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখাতে হবে সম্প্রীতি। কিশোর বিপথগামীতার পিছনে অনেক কারণ থাকতে পারে। খেলাধুলা, সাহিত্য সাংস্কৃতিক চর্চা থাকলে, বিজ্ঞানের সঠিক ব্যবহার করলে কিশোর অপরাধ কমবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইনলাম মালিক, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুম আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশরাফুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক প্রমুখ।
কমেন্ট বক্স