মেহেরপুরে চাচার হাসুয়ার কোপে ভাতিজা জখম
- আপলোড তারিখঃ
১২-০৮-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার রাজাপুরে জমিতে স্যালোমেশিন বসানোকে কেন্দ্র করে চাচা আবুল হোসেনের হাসুয়ার কোঁপে ভাতিজা মোহন হোসেন (২২) মারাত্মক আহত হয়েছেন। আহত মোহন রাজাপুর গ্রামের মৃত মজিল হকের ছেলে। আহত মোহনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোহান হোসেনের চাচী সাহেরা খাতুন বলেন, কয়েকদিন পূর্বে চারটি সেগুন গাছের চারা কাটাকে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত হয়। মোহনের ধানের জমিতে চাচা আবুল হোসেনের পানি দেওয়া মেশিন ছিল। ঝগড়ার পর থেকে মোহনের ধানের জমিতে পানি দেওয়া বন্ধ করে দেয়। এতে ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। এ কারণে মোহন গত বুধবার একটি স্যালোমেশিন কিনে আনে। এরপর তিনি তাঁর চাচার মেশিন তার জমি থেকে সরিয়ে নিতে বলেন। এসময় চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় চাচা আবুল হোসেনের ক্ষুদ্ধ হয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা মোহন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসান বলেন, ঘাড়ের জখম মারাত্মক। তাছাড়া দুই কাধেও আঘাত রয়েছে। বেশকিছু রগ ছিড়ে গেছে। মেহেরপুরে এ ধরণের আঘাতের চিকিৎসা ব্যবস্থা না থাকায় ও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দিন বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কমেন্ট বক্স