নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসসহ শোকের মাসের দলীয় কর্মসূচি বাস্তবায়নে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারাজীবন মানুষের কথা ভেবেছেন। জীবনে বহুবার কারাবরণ করেছেন। তাঁর প্রত্যেকটি সময়ের চিন্তা ছিল বাংলার মানুষের উন্নয়নের। তিনি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাকে সপরিবারে হত্যা করা হয়। এই আগস্টেই বারবার শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সকল ষড়যন্ত্র প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় তিনি ৮ই আগস্ট বঙ্গমাতার জন্মদিন পালন, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন, ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সকলে দলীয় নির্দেশনা মেনে এ দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালন করব। আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।’
কর্মী সভায় পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সেলিম মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সলিল মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমীকরণ প্রতিবেদন