আলমডাঙ্গায় বেশি দরে সার বিক্রি, ভোক্তা অধিকারের অভিযান
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সারের দাম বেশি নেওয়া ও মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুর ১২টায় আলমডাঙ্গা উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আলমডাঙ্গা শহরের নতুন বাস টার্মিনাল এলাকার বিসিআই সারের ডিলার মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্সে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের হাফিজ মোড়ে মেসার্স জনির উদ্দীন এন্ড ব্রাদার্সে ইউরিয়া সার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রয় এবং কীটনাশক ওষুধের মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি ও মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় এই প্রতিষ্ঠানটিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন এমন অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
কমেন্ট বক্স