দামড়হুদার ফুলবাড়ি সীমান্তে ভারতে পাচারকালে ৮০ হাজার ইউএস ডলার জব্দ
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারের সময় সীমান্ত থেকে বিপুল পরিমাণে ইউএস ডলার জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ডলারের একটি বড় চালান সীমান্ত পার হবে এমন গোপন তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। এসময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৮ ব্যান্ডেল ডলার জব্দ করা হয়। ৮ ব্যান্ডেলে মোট ৮০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির এবং টহল কমান্ডার নায়েক ফারুক হোসেনসহ বিশেষ টহল দল।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মো. ইশতিয়াক জানান, ডলার উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলারের চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। আটককৃত ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কমেন্ট বক্স