বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পেনশনের টাকা ছিনতাই, শোকে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২২ ইং
পেনশনের টাকা ছিনতাই, শোকে বৃদ্ধের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়ার কুমারখালীতে গণেশ বাঁশফোড় (৮০) নামে এক বৃদ্ধের পেনশনের টাকা ছিনতাইয়ের পর তার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার কুমারখালী সোনালী ব্যাংক লিমিটেড উপজেলা শাখায় ঘটনা ঘটে। ওই ব্যক্তি পৌরসভার শেরকান্দির সুইপারপট্টি এলাকার বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত পরিছন্নতাকর্মী ছিলেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করেছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, গতকাল সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে সোনালী ব্যাংকের ওই শাখায় পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন গণেশ বাঁশফোড়। এসময় একটি চক্র তার পিছু নেয়। এরপর ১০টা ২৬ মিনিটের দিকে ২৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের গলি দিয়ে বের হচ্ছিলেন তিনি। এসময় চক্রের একজন তার কাছে যান এবং তার জামার পেছনে কিছু একটা লাগিয়ে দেন। এরপর ওই বৃদ্ধ ব্যাংকের প্রধান প্রবেশ পথের সামনে থাকা টিউবওয়েলের কাছে যান। তার পিছে পিছে প্রতারক চক্রের একজন সেখানে যান। প্রায় পাঁচ মিনিট পর গণেশ খালি গায়ে টিউবওয়েলের কাছ থেকে বের হয়ে পুনরায় ব্যাংকের দিকে ফিরে যান। এসময় প্রতারক চক্রের ছয়জনকে দ্রুত চলে যেতে দেখা যায়।

আরও জানা গেছে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে গণেশ ব্যাংকের ব্যবস্থাপকের কাছে যান এবং তার ২৫ হাজার টাকা ছিনতাইয়ের কথা বলতে বলতে অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান। এরপর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্বিতীয় তলায় পাঠান। দ্বিতীয় তলায় উঠতে গিয়ে সিঁড়িতে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

বিষয়ে নিহতের বড় ছেলে তুলশী বাঁশফোড় বলেন, বাবা ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে ফেরার পথে ব্যাংকের নিচে প্রতারক চক্রের কবলে পড়েন। প্রতারক চক্র তার ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। টাকার শোকে হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. মশিউল আরেফিন বলেন, ব্যাংকে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক চিকিৎসা শেষে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে সিঁড়িতে তিনি মারা যান। ময়নাতদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।

সোনালী ব্যাংক লিমিটেড উপজেলা শাখার জ্যৈষ্ঠ ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাস বলেন, টাকা ছিনতাইয়ের পর ওই বৃদ্ধ বিষয়টি আমাকে জানাতে এসেছিলেন। কথা বলতে বলতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পাঠানো হয় এবং কিছু সময় পরে মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, টাকা ছিনতাইয়ের কারণে স্ট্রোক করে ওই বৃদ্ধ মারা যেতে পারেন। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’