চুয়াডাঙ্গায় ১০ সদস্যবিশিষ্ট জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটি গঠন
- আপলোড তারিখঃ
২৮-০৬-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদের পরবর্তী পূর্ণাঙ্গ পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য ১০ সদস্যবিশিষ্ট জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন জেলা পরিষদ প্রশাসক। সদস্য হিসেবে রয়েছেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি), জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (সকল), প্রধান নির্বাহী কর্মকর্তা/পৌর নির্বাহী কর্মকর্তা (সকল পৌরসভা), সহকারী প্রকৌশলী/সহকারী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত) সদস্য হিসেবে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা/দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে- এ কমিটি পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বিদ্যমান নীতিমালার আলোকে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন। জেলা পরিষদের অধিক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উক্ত কমিটির সুপারিশ এবং স্থানীয় সরকার বিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যদের পত্রদ্বারা বিষয়টি জানানো হয়েছে। শিগগিরই নতুন কমিটির সভা আহ্বান করা হবে।
কমেন্ট বক্স