আমাদের লক্ষ্য দুর্যোগে প্রাণহানির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা
- আপলোড তারিখঃ
০৯-০৬-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি-২০১৯ অবহিতকরণবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের নিয়ে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারের যুগ্ম সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (কাবিখা) অঞ্জন চন্দ্র পাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে এখন রোল মডেলে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় আম্পান, ঘূর্ণিঝড় অশনিসহ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় বড় প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। দুর্যোগ মোকাবিলার বিষয়টিকে বর্তমান সরকার অধিক গুরুত্ব প্রদান করছে। সরকার ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ দুর্যোগ মোকাবিলায় প্রায় ২৩শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও সরকার দুর্যোগ মোকাবিলায় ৯ লাখ ৭২ হাজার মানুষকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে দুর্যোগে প্রাণহানির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমানের পরিচালনায় এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিুকর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।
কমেন্ট বক্স