পানি খাওয়া নিয়ে দ্বন্দ্ব; ছুরিকাঘাতে জখম দুজন, হাসপাতালে ভর্তি
- আপলোড তারিখঃ
০৯-০৬-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের ভেতরে পানি খাওয়াকে কেন্দ্র করে দুই শ্রমিকের মধ্যে দ্বন্দ্বের জেরে একে-অপরকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধববার সকাল সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের মধ্যে এ ঘটনা ঘটে। পরে ফার্মের অন্যান্য শ্রমিকেরা আহত জখম দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপতালে নেয়। জখম দুই শ্রমিক হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে নাজমুল হাসান (২০) ও ইসলামপাড়ার আল আমিন মণ্ডলের ছেলে আরাফাত মণ্ডল (২১)। এদিকে, এ ঘটনায় গতকাল দুপুরেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ হয়েছে।
বিএডিসি ফার্মের অন্যান্য শ্রমিক সূত্রে জানা যায়, সকালে নাজমুল ও আরাফাত অন্যদের সঙ্গেই কাজ করছিলেন। এসময় তাঁদের দুজনের মধ্যে পানি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে তাঁরা একে-অপরকে ছুরি দিয়ে জখম করে। এসময় বিএডিসি ফার্মের কর্মরত অন্যান্য শ্রমিকেরা জখম দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান রুমি বলেন, সকাল ১০টার দিকে জখম দুই যুবককে জরুরি বিভাগে নেওয়া হয়। দুজনের শরীরে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁদের মধ্যে আরাফাতের মাথা, বাম হাতের কাদে, কাঁধের নিচে হাতে গুরুতর জখম হয়েছে। এছাড়াও নাজমুল হাসানের বাম কাঁধের নিচে একটি জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, পানি খাওয়াকে কেন্দ্র করে বিএডিসি ফার্মের দুই শ্রমিকের মধ্যে বাগবিতণ্ডার জেরে একে-অপরকে ছুরিকাঘাতে জখম করার বিষয়ে একটি অভিযোগ হয়েছে। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে।
কমেন্ট বক্স